ভারতে গর্তযুক্ত রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকুনি, জেগে উঠলেন ‘ব্রেন ডেড’ নারী
ভারতের উত্তর প্রদেশে এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছেন ৫০ বছর বয়সী এক নারী। চিকিৎসকদের কাছে ‘ব্রেন ডেড’ ঘোষিত হওয়ার পর অ্যাম্বুলেন্সে বাড়ি নেওয়ার পথে হঠাৎ করেই আবার স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিনীতা শুক্লা নামের ওই নারী পিলিভিট জেলার বাসিন্দা। গত ২২ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বেরেইলি শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, তার মস্তিষ্কের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে এবং তিনি ব্রেন ডেড অবস্থায় রয়েছেন।
চিকিৎসকদের এমন ঘোষণায় পরিবার ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ২৪ ফেব্রুয়ারি তাকে বাড়িতে নিয়ে গিয়ে শেষকৃত্যের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেয় স্বজনরা। স্বামী কুলদীপ কুমার শুক্লা জানান, তখন তার স্ত্রীর শ্বাসপ্রশ্বাস ছিল না, শুধু খুব দুর্বলভাবে হৃদস্পন্দন চলছিল।
এ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে বেরেইলি-হরিদ্বার মহাসড়কের হাফিজগঞ্জ এলাকায় রাস্তার একটি বড় গর্তে পড়ে গাড়িটি তীব্রভাবে ঝাঁকুনি খায়। ঠিক এরপরই হঠাৎ করে বিনীতা আবার স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করেন।
ঘটনায় বিস্মিত পরিবার সঙ্গে সঙ্গে শেষকৃত্যের প্রস্তুতি বন্ধ করে দেন এবং তাকে দ্রুত নিউরোসিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করে তার চিকিৎসা শুরু করেন।
চিকিৎসকদের ভাষ্য, সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর ওই নারীর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছে। মাত্র এক দিনের মধ্যেই তিনি অনেকটা সুস্থ হয়ে ওঠেন।
পরিবারের দাবি, বর্তমানে বাড়িতে ফিরে তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন। ঘটনাটিকে তারা অলৌকিক বলে উল্লেখ করেছেন।












