সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বার্সেলোনা বিমানবন্দরে অবৈধভাবে অভিবাসী অনুপ্রবেশের অভিযোগে দুই কর্মচারী গ্রেপ্তার

বার্সেলোনা প্রতিনিধি স্পেন প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:০২ পিএম
বার্সেলোনা বিমানবন্দরে অবৈধভাবে অভিবাসী অনুপ্রবেশের অভিযোগে দুই কর্মচারী গ্রেপ্তার

স্পেনের বার্সেলোনা বিমানবন্দরে অবৈধভাবে অভিবাসীদের দেশটির ভেতরে ঢোকানোর অভিযোগে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্পেনের জাতীয় পুলিশ এই ঘটনার তদন্ত পরিচালনা করেছে।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি বিমানবন্দরের রানওয়ে বা পিস্টা এলাকার কর্মী ছিলেন। তারা আন্তর্জাতিক ট্রানজিট জোনে কাজ করতেন। এই এলাকায় সাধারণত সেই যাত্রীরা থাকেন যারা শেনজেন এলাকার বাইরের দেশ থেকে এসে অন্য কোনো শেনজেন-বহির্ভূত দেশে যাওয়ার জন্য ট্রানজিটে অপেক্ষা করেন। অর্থাৎ তাদের স্পেনে প্রবেশ করার কথা নয়, তারা কেবল অন্য ফ্লাইট ধরার জন্য অপেক্ষা করেন।

তদন্ত চলাকালে পুলিশ লক্ষ্য করে যে একজন বিমানবন্দর কর্মী প্রতিফলকযুক্ত (রিফ্লেকটিভ) ভেস্ট পরে ট্রানজিট জোনে যান এবং সেখানে অপেক্ষা করা এক নারী যাত্রীর সঙ্গে দেখা করেন। এরপর দুজনই একটি টয়লেটে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে তারা দুজনই একই ধরনের রিফ্লেকটিভ ইউনিফর্ম ও কর্মচারীর পরিচয়পত্র পরে বেরিয়ে আসেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর তারা একটি সীমিত প্রবেশাধিকারযুক্ত লিফট ব্যবহার করে সীমান্ত নিরাপত্তা চেক এড়িয়ে সরাসরি শেনজেন এলাকার ফ্লাইট বোর্ডিং জোনে প্রবেশের চেষ্টা করেন। ঠিক সেই সময় পুলিশ তাদের আটক করে।

ওই কর্মচারীকে অবৈধ অভিবাসন সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়। আর ওই নারী যাত্রীকে তার নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তদন্তে আরও জানা যায়, আটক কর্মচারী নিজের আইডি কার্ড ব্যবহার করেননি। কারণ তার কার্ড দিয়ে ওই নির্দিষ্ট প্রবেশপথ চালু করা সম্ভব ছিল না। তাই তিনি তার এক সহকর্মীর আইডি কার্ড ব্যবহার করেন।

পরে তদন্তের ভিত্তিতে সেই দ্বিতীয় কর্মচারীকেও গ্রেপ্তার করা হয়, কারণ তার আইডি কার্ড ব্যবহার করে এই কাজটি করা হয়েছিল। তাকে অপরাধে সহযোগিতার অভিযোগে আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুই কর্মচারীর বিমানবন্দর আইডি ও কাজের অনুমতি সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছে এবং তাদের বিমানবন্দরের ভেতরে কোনো ধরনের কাজ করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, তদন্ত শুরু হয় তখন যখন দেখা যায় কিছু যাত্রী ট্রানজিট জোনে প্রবেশ করার পর তাদের পরবর্তী ফ্লাইটে ওঠেননি এবং তারা অফিসিয়াল সীমান্ত নিয়ন্ত্রণ পয়েন্ট দিয়েও বের হননি। এই অস্বাভাবিক পরিস্থিতি দেখে পুলিশ সন্দেহ করে এবং পরে অনুসন্ধান চালিয়ে এই অবৈধ কার্যক্রমের বিষয়টি উদঘাটন করে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক