কণ্ঠশিল্পী নোবেল আবারও গ্রেপ্তার
কণ্ঠশিল্পী নোবেল আবারও গ্রেপ্তার
নারায়ণগঞ্জে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আদালতের মামলার ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাঁকে আটক করে।
ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ জানান, নোবেলকে গ্রেপ্তারের পর বর্তমানে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তারের কারণ হিসেবে জানা গেছে, এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের স্টুডিওতে আটকে রেখে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও তোলার চেষ্টার অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। ওই ভুক্তভোগী গত বছরের ১৩ আগস্ট মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার পিবিআইকে দেওয়া হয়।
পিবিআই চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ডেমরা থানা পুলিশকে তা কার্যকর করার নির্দেশ দেন। সেই নির্দেশের ভিত্তিতেই আজ তাঁকে গ্রেপ্তার করা হলো।












