মহাসচিবের বিবৃতি
যে কারণে নির্বাচনে ভরাডুবি জাতীয় পার্টির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসন না পাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে সরাসরি দায়ী করেছে জাতীয় পার্টি। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেন, প্রশাসনিক সহায়তায় ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং পরিকল্পিতভাবে দলটিকে পিছিয়ে দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, জাতীয় পার্টির বিপুলসংখ্যক আগ্রহী প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য অংশের মনোনয়ন বাতিল করা হয়। নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম, ভোট কারচুপি ও ফলাফল ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ভোটের চিত্র পাল্টে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। তার ভাষ্য, অতীতের নির্বাচনের সঙ্গে এবারের ফলাফলের কোনো মিল নেই এবং প্রকৃত ভোটের প্রতিফলন ঘটেনি।
মহাসচিব আরও বলেন, শুধু তাদের দলই নয়—বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকেও ভোটে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের সহযোগিতায় ভোটের হার বাড়ানো হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তবে এই পরিস্থিতির মধ্যেও জাতীয় পার্টি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বলে জানান তিনি।
সংবিধান সংশোধন পরিষদের শপথ না নেওয়ার সিদ্ধান্তকে বিএনপির সঠিক পদক্ষেপ হিসেবে দেখছে জাতীয় পার্টি। তাদের মতে, গণভোট বা সংবিধান সংশোধনের মতো বিষয় জাতীয় সংসদ ছাড়া সম্ভব নয় এবং এ নিয়ে শুরু থেকেই ঐকমত্যের অভাব ছিল।
বর্তমান রাজনৈতিক পরিবেশে ‘মব সংস্কৃতি’ বন্ধেরও দাবি জানান শামীম হায়দার পাটোয়ারী। তার অভিযোগ, নির্বাচনের সময় এমন পরিস্থিতি তৈরি করাই ছিল অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য, সুষ্ঠু ভোট আয়োজন নয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করে। জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে বিরোধী দলে বসেছে। অন্যদিকে জাতীয় পার্টি এবার কোনো আসনেই জয় পায়নি।












