শহীদ মিনারে বাধা: বিএনপিকে সতর্ক করলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এ ঘটনায় স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণে রাখতে বিএনপিকে সতর্কবার্তা দিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাত পৌনে ১২টার দিকে তিনি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। পুষ্পস্তবক অর্পণের প্রস্তুতিকালে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতা-কর্মী এসে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুষ্পস্তবক অর্পণ না করেই এলাকা ত্যাগ করেন তিনি।
ঘটনার পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার সমর্থকরা শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাছের গুঁড়ি ও বাঁশে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, তিনি নিয়ম মেনেই প্রথমে শহীদ মিনারে ফুল দিতে যান। কিন্তু বিএনপির কিছু নেতা-কর্মী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় এসে যদি দল স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তবে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, যারা দলের পদ ব্যবহার করে এ ধরনের হিংসাত্মক আচরণ করছে, তাদের বিরুদ্ধে দলের উচ্চপর্যায় থেকে ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে দলের পাশাপাশি সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে।












