তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে – ব্যারিস্টার ফুয়াদ
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে বিএনপি প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীনের কাছে পরাজিত হয়ে বিএনপি ও নব্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করেছেন “আমার বাংলাদেশ (এবি) পার্টি”’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফুয়াদ বলেন, “বিএনপির যেসব নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠেছে, তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে।”
তিনি আরও বলেন, “৩১ দফার উপরে ভিত্তি করে বাংলাদেশকে বদলানোর যে প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান, আমরা তা বাস্তবে দেখতে চাই। কিন্তু যদি দলের নেতাকর্মীদের—গুন্ডা, চাঁদাবাজ, সন্ত্রাসী বা ক্রিমিনাল গ্যাংকে—নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, তাহলে জনগণ দীর্ঘসময় ক্ষমতা ধরে রাখার সুযোগ দেবেন না।”
ফুয়াদ প্রশাসনকেও সমালোচনা করে বলেন, নির্বাচনের সময় তারা “লেবেল প্লেইং ফিল্ড” তৈরি করতে ব্যর্থ হয়েছেন। তিনি এই ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলাকে নির্বাচন ব্যবস্থার একটি বড় ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সুজন তালুকদার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বী, যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ ও আহ্বায়ক আইয়ুব নবী।












