ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ইসির নির্দেশে ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলগুলোর প্রধানদের বক্তব্য প্রচারের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশ দিয়েছে কমিশন।
আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) তারেক রহমানের বক্তব্য বিটিভিতে প্রচারের ব্যবস্থা করতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিভির মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর জন্য সমান প্রচারণার সুযোগ তৈরি করা জরুরি। রাষ্ট্রীয় টেলিভিশনে দলীয় প্রধানদের বক্তব্য সম্প্রচার নির্বাচনী পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ অনুসরণ করে রাজনৈতিক দলগুলোর লিখিত আবেদনের সময় অনুযায়ী প্রচারণার স্লট নির্ধারণ করতে হবে। প্রতিটি দলের প্রধানের জন্য পৃথক স্লট ও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করবে বিটিভি। একই সঙ্গে রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত করতে হবে।
ইসি জানিয়েছে, এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বিটিভিতে বক্তব্য প্রচারের জন্য আবেদন করেনি। সে কারণে বিএনপির পক্ষ থেকে চাওয়া অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে তারেক রহমানের ভাষণ সম্প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিধি অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে।










