টাঙ্গাইলের বাসাইল
জমির আইল নিয়ে বিরোধে দাদার ঘুষিতে প্রাণ গেল নাতনির স্বামীর
টাঙ্গাইলের বাসাইলে জমির আইল নিয়ে বিরোধের জেরে দাদার কিলঘুষিতে আনসার মিয়া (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী জরিনা বেগম (৪৭)।
রোববার সকাল পৌনে ১১টার দিকে বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনসার মিয়া ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। অভিযুক্ত ব্যক্তি লাভু মিয়া ওরফে লেবু মিলিটারি (৬৮), যিনি পারিবারিকভাবে নিহতের দাদাশ্বশুর।
নিহতের ভাতিজা রাশেদের ভাষ্য অনুযায়ী, সকালে আনসার মিয়া নিজের ধনিয়া ক্ষেতে কাজ করছিলেন। এ সময় পাশের জমির মালিক লেবু মিলিটারি আইল নষ্টের অভিযোগ তুলে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি আনসার মিয়াকে কিলঘুষি মারলে ঘটনাস্থলেই তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বামীকে রক্ষা করতে গেলে জরিনা বেগমও মারধরের শিকার হন।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনসার মিয়াকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












