চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ করল সিএমপি
চট্টগ্রাম বন্দর এলাকায় সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও যেকোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই সঙ্গে লাঠি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথরসহ ঝুঁকিপূর্ণ বস্তু বহন ও ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের আমদানি-রপ্তানির বড় অংশ এই বন্দর দিয়েই সম্পন্ন হয়। প্রতিদিন বিপুলসংখ্যক ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও অন্যান্য যানবাহনের চলাচল থাকে বন্দরসংলগ্ন এলাকায়।
পুলিশের মতে, বন্দর এলাকায় কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ কিংবা অবরোধ কর্মসূচির কারণে যানজট সৃষ্টি হয় এবং আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এতে জাতীয় অর্থনীতির ক্ষতির পাশাপাশি জাতীয় নিরাপত্তার ঝুঁকিও তৈরি হতে পারে।
এ কারণে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সার্বিক আইনশৃঙ্খলা ও জনশান্তি বজায় রাখার স্বার্থে পুলিশ কমিশনারের ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নিষেধাজ্ঞার আওতায় বন্দর-সংলগ্ন বারিক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলাসহ বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় অস্ত্র, লাঠি, দাহ্য পদার্থ, বিস্ফোরক দ্রব্য এবং ইট-পাথর বহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
তবে সিএমপি জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলের নিয়মিত প্রচার-প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়। তবুও বন্দর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক ও সহযোগিতামূলক আচরণ করার আহ্বান জানানো হয়েছে।













