হেভিওয়েট রাজনীতির ধারণা আর টিকবে না: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তথাকথিত ‘হেভিওয়েট’ রাজনীতিবিদদের আধিপত্য আর টিকবে না। এবারের নির্বাচনে বড় রাজনৈতিক দলের বহু পরিচিত নেতা ভরাডুবির মুখে পড়বেন।
রোববার বিকেলে পঞ্চগড়-১ আসনের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে শুরু হওয়া গণআন্দোলনের ধারাবাহিকতা এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। সমাজে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত রয়েছে। মানুষ শুধু ভোটের দিনের অপেক্ষায় আছে। জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে জনগণ এবার ব্যালটের মাধ্যমে জবাব দেবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, হুমকি-ধমকি ও মামলা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত ছিল, মানুষ এবার তাদের প্রত্যাখ্যান করবে। গত এক বছর ধরে যারা জনগণের ওপর নির্যাতন চালিয়েছে, তারা এখন নির্বাচন সামনে রেখে নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে। কিন্তু জনগণ তাদের প্রকৃত চেহারা চিনে ফেলেছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মানুষ অনেক কথা শুনবে, কিন্তু ভোট দেওয়ার সময় সঠিক সিদ্ধান্ত নেবে। শুধু পঞ্চগড়-১ নয়, সারা দেশেই ইনসাফ ও সাধারণ মানুষের পক্ষে থাকা ১০ দলীয় ঐক্যবদ্ধ জোটই বিজয়ী হবে এবং সরকার গঠন করবে।
তবে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সারজিস আলম অভিযোগ করেন, বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী এখনো ভোটারদের হুমকি দিচ্ছেন। তিনি বলেন, “আজ সকালে এক জামায়াতকর্মী এসে জানিয়েছেন, তাকে ধানের শীষে ভোট না দিলে নির্বাচনের পর ‘দেখে নেওয়া হবে’—এমন হুমকি দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।”
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারজিস আলম পঞ্চগড়-১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া চান এবং ১০ দলীয় জোটের শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।













