ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
জাতীয় নির্বাচন: চাঁপাইনবাবগঞ্জে মাঠে নামছে ১৫ প্লাটুন বিজিবি
oppo_0
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে।
রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, জেলার তিনটি সংসদীয় আসনের পাঁচটি উপজেলায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের শিবগঞ্জ উপজেলায় ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ভোলাহাটে ৪ প্লাটুন, নাচোলে ২ প্লাটুন এবং গোমস্তাপুরে ২ প্লাটুন মোতায়েন করবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে সদর উপজেলায় ১ প্লাটুন রিজার্ভসহ মোট ৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সব মিলিয়ে জেলায় দায়িত্ব পালন করবে ১৫ প্লাটুন বিজিবি সদস্য।
লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), র্যাপিড অ্যাকশন টিম (র্যাট), হেলিকপ্টার ইউনিট এবং বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড সর্বদা প্রস্তুত থাকবে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে বিজিবি অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৯টি চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবি অধিনায়ক আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যেই বিজিবি দায়িত্ব পালন করবে।












