জানুয়ারির প্রথম ২৪ দিনে দেশে আসলো ২৪৮ কোটি ডলার রেমিটেন্স
নতুন বছরের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বা ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স। যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের জানুয়ারির একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৬ কোটি ২০ লাখ ডলার। সে হিসেবে বছর ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ৪০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের কোনো একক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
এর আগে নভেম্বর মাসে দেশে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে রেমিট্যান্স ছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।












