আখতার হোসেন
জাতীয় পার্টি ফ্যাসিবাদী কায়দায় ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আবারও ফ্যাসিবাদী কায়দায় ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন।
বুধবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর হিসেবে অতীতেও স্বৈরাচারী ভূমিকা পালন করেছে। তারা কখনোই চায় না দেশ বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো থেকে উত্তরণ ঘটাক। ফ্যাসিবাদী কায়দায় গৃহপালিত বিরোধী দল হিসেবে রাষ্ট্র পরিচালনায় অংশ নেওয়ার যে মানসিকতা তাদের ছিল, সেই ধারাবাহিকতায় তারা এখন ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টি ‘না’ ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে তাদের ফ্যাসিবাদী চরিত্র আবারও জাতির সামনে নগ্নভাবে প্রকাশ করেছে। তারা যতই ‘না’ ভোটের কথা বলুক না কেন, জনগণ তাতে সাড়া দেবে না; বরং জনগণ গণভোটকে নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলে দেবে।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি হত্যাকাণ্ড পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে।”
আখতার হোসেনের মতে, “যারা ফ্যাসিবাদের দোসর ছিল এবং গণহত্যার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হতো। আমরা শুরু থেকেই পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর দাবি জানিয়ে আসছি।”
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলার জন্য সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
আখতার হোসেন বলেন, “গত ৫৪ বছর ধরে বাংলাদেশের মানুষ যে রাষ্ট্র কাঠামোর ভেতরে নিষ্পেষিত হয়েছে, তারা তা থেকে মুক্তি চায়। একনায়কতন্ত্রের পরিবর্তে জনগণ এখন একটি অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। সেই ব্যবস্থার মৌলিক উপাদানগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত রয়েছে।”
তিনি বলেন, “তাই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের সবার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকা উচিত।”
এ সময় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সব ধরনের ভয়ভীতি, পেশিশক্তি ও অর্থের প্রলোভন উপেক্ষা করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে।”
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন।
এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন,
- বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা (ধানের শীষ)
- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–মার্কসবাদী প্রগতি বর্মণ তমা (কাঁচি)
- বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা)
- বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায় (ডাব)
- জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান (লাঙ্গল)
- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (হাতপাখা)
তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।













