স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১
আন্দালুসিয়ায় মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ৭৩, রেল চলাচল বন্ধ
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৩ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির আন্দালুসিয়া অঞ্চলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, কর্ডোবা শহরের কাছাকাছি আদামুজ এলাকায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনে চলে যায়। একই সময়ে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হলে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়।
আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। এখনো কয়েকটি বগি থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। আহতদের কর্ডোবা, মালাগাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদিফের তথ্যমতে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা ছেড়ে যাওয়ার প্রায় ১০ মিনিট পর এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের স্বজনদের সহায়তার জন্য মাদ্রিদের আতুচা, সেভিল, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা রেলস্টেশনে বিশেষ সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের সহায়তায় সংশ্লিষ্ট স্টেশনগুলো রাতভর খোলা রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
মালাগা থেকে পরিচালনাকারী বেসরকারি রেল কোম্পানি ইরিয়ো জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। তারা ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, তাদের সাংবাদিক সালভাদর হিমেনেজ দুর্ঘটনাকবলিত একটি ট্রেনে ছিলেন। তিনি বলেন, সংঘর্ষের মুহূর্তটি ভূমিকম্পের মতো ছিল। প্রচণ্ড ঝাঁকুনিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানি লেতিসিয়া। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে সরকার জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনোও নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সূত্র: বিবিসি









