জামায়াতের প্রার্থী আমির হামজা কোকোর নাম বিকৃত করায় দুঃখ প্রকাশ করলেন
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তৃতায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গতকাল শুক্রবার থেকে কুষ্টিয়া জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ আলটিমেটাম দিয়ে বলেন, “আমির হামজা যদি কুরুচিপূর্ণ মন্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা না চান, তাহলে তাঁকে কুষ্টিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”
রাতেই লিখিত বিবৃতি দিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে একটি ইতর প্রাণীর সঙ্গে তুলনা করেছেন। এ ধরনের কাণ্ডজ্ঞানহীন ভাষা একজন ইসলামী বক্তার কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশিত নয়। তাঁর বক্তব্য উসকানিমূলক ও চক্রান্তমূলক, যা আসন্ন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার শামিল।”
অন্যদিকে, ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করে আমির হামজা দাবি করেন, আলোচিত বক্তৃতাটি বর্তমান সময়ের নয়, বরং ২০২৩ সালের। তিনি বলেন, “আমি তখনই বিষয়টি বোঝাতে গিয়ে উদাহরণটি ভুলভাবে উপস্থাপন করায় দুঃখ প্রকাশ করেছিলাম। আবারও সেই অনাকাঙ্ক্ষিত ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করছি।”
বক্তৃতার অংশবিশেষ বিকৃত করে ছড়ানো হচ্ছে দাবি করে তিনি অভিযোগ করেন, “পুরোনো বক্তব্যকে নির্বাচনকালীন মন্তব্য হিসেবে প্রচার করে একটি ষড়যন্ত্র চলছে। যাঁরা এমন করছেন, তাঁরা নিজেদের রাজনৈতিক স্বার্থে মরহুম ব্যক্তিদের প্রতিও সম্মান দেখাচ্ছেন না।”
কুষ্টিয়া–৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, “আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। একই সঙ্গে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, যাতে নির্বাচনি পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়।”











