স্বামী ইতালি প্রবাসী
পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
মাদারীপুর সদর উপজেলায় দাম্পত্য বিরোধের জেরে এক ইতালিপ্রবাসী ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে প্রথম স্ত্রী ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকার মাতুব্বর বাড়িতে ঘটনাটি ঘটে। আহত ব্যক্তির নাম নাঈম মাতুব্বর ওরফে হাবিব (৩৫)। তিনি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছিলেন। অভিযুক্ত স্ত্রী শিউলি বেগম (২৯) একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে নাঈম মাতুব্বরের সঙ্গে শিউলি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিষয় ও পারস্পরিক অবিশ্বাসকে কেন্দ্র করে তাদের মধ্যে কলহ চলছিল। চার মাস আগে নাঈম ইতালি থেকে দেশে আসেন। দেশে ফেরার পর তিনি স্ত্রীর সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে। এতে স্বামী-স্ত্রীর বিরোধ আরও তীব্র হয়।
ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিউলি বেগম স্বামীর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন বলে অভিযোগ আছে। নাঈম অচেতন হয়ে পড়লে ভোররাতে ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে গুরুতর আঘাত করা হয়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, আঘাতে গোপনাঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত নাঈমের পরিবারের দাবি, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে এবং তারা ঘটনার সুষ্ঠু বিচার চান।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনার পরপরই অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।










