ভোররাতে ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা
মাদারীপুরের শিবচর উপজেলায় ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রোকেয়া বেগম (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী।
স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার সময় একই ঘরে ছিলেন স্বামী আবুল মৃধা ও তাদের দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া। তবে কী কারণে বা কে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোকেয়া বেগমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘুমন্ত অবস্থায় রোকেয়া বেগমকে কুপিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।












