ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে গ্রেপ্তারকৃত আসামিকে ছিনিয়ে নিলো দুবৃত্তরা
ময়মনসিংহ নগরীতে এক মামলার এজাহারভুক্ত আসামিকে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হন এবং হামলাকারীরা হাতকড়াসহ ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম। বর্তমানে আহত রাসেল রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল অভিযান চালিয়ে দিগারকান্দা এলাকা থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়ার পথে আসামির বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ মানুষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে এবং একপর্যায়ে হাতকড়াসহ আসামি আরিফুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়।
আহত পাঁচ পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টহল জোরদার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসামির বাবা সাগর আলীকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।










