এক বছরের মাথায় তাহসান-রোজার বিচ্ছেদ গুঞ্জন: তাহসান বললেন, ‘ঘটনা সত্য’
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদের দাম্পত্য জীবনে ছেদ পড়েছে। দ্বিতীয় বিয়ের এক বছরের মধ্যেই দুজন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

বিবাহবার্ষিকীর সময় থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এতদিন প্রকাশ্যে কিছু না বললেও সম্প্রতি তাহসান গণমাধ্যমকে জানান, তিনি ও রোজা বর্তমানে একসঙ্গে থাকছেন না। তাঁর ভাষায়, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কখনোই প্রকাশ্যে কথা বলতে চাননি, তবে বিবাহবার্ষিকী ঘিরে ছড়ানো ভুয়া খবরের প্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন।
জানা গেছে, গত বছরের জুলাই মাসের পর থেকেই তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পরে দুজন আলাদা থাকার সিদ্ধান্ত নেন। তাহসান জানান, সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরের আগেই তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছান। সেই সময় থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও গান থেকেও নিজেকে গুটিয়ে নেন।

এর আগে ২০২৫ সালের ৪ জানুয়ারি পারিবারিকভাবে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। মাত্র চার মাসের পরিচয় থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। বিয়ের পর মালদ্বীপে হানিমুন, বিদেশ ভ্রমণ, সামাজিক মাধ্যমে একসঙ্গে ছবি ও ভিডিও—সব মিলিয়ে তাঁদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল বেশ আলোচনার মধ্য দিয়ে। এমনকি যুক্তরাষ্ট্রে বৃষ্টিতে ভেজা তাঁদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছিল।

রোজা আহমেদ পেশায় একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—দুই দেশেই দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। নিউইয়র্কে তাঁর নিজস্ব রূপসজ্জা প্রতিষ্ঠানও রয়েছে।
বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান জানান, তিনি বর্তমানে মানসিক ও শারীরিকভাবে কঠিন সময় পার করছেন। এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলার অবস্থায় নেই তিনি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেওয়া হবে বলে জানান এই শিল্পী।

উল্লেখ্য, তাহসানের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ১১ বছরের সংসারের পর তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র কন্যা আরিয়া তহরীম খান। মিথিলাও পরবর্তীতে ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এদিকে, বিচ্ছেদ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রোজা আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যবসায়িক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে এখনো বিয়ের সময়কার কিছু ছবি দেখা যাচ্ছে।













