মালয়েশিয়ায় বিশেষ অভিযান ২৬ বাংলাদেশিসহ ৭৭ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে মোট ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজ্যের সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি ভিন্ন স্থানে সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, অভিযানে মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।
আটকদের জাতীয়তা অনুযায়ী তালিকায় রয়েছে—বাংলাদেশের ২৬ জন পুরুষ, ভারতের ২৬ জন পুরুষ, পাকিস্তানের ১০ জন পুরুষ, থাইল্যান্ডের পাঁচজন পুরুষ ও একজন নারী, মিয়ানমারের তিনজন পুরুষ ও দুজন নারী এবং ইন্দোনেশিয়ার একজন পুরুষ ও তিনজন নারী।
অভিযানের সময় নিলাই এলাকায় অবস্থিত একটি সাবান উৎপাদন কারখানা থেকে সর্বাধিক ৫৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। অভিযান চলাকালে সব প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ রাখা হয়, ফলে কেউ পালাতে পারেনি। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি।
ইমিগ্রেশন পরিচালক জানান, জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা এবং অন্যান্য অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। এসব অপরাধ মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী শাস্তিযোগ্য।
আটক সবাইকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে।
এদিকে কেনিথ তান আই কিয়াং অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয়দানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের অপরাধে জড়িত যেকোনো ব্যক্তি বা নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে আদালতে মামলা দায়ের করা হবে।













