ভোট তাকেই দেব, যারা খুনের বিচার করবে: জুমা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুনের বিচার নিশ্চিত করবে—এমন প্রার্থীকেই ভোট দেবেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনীম জুমা।
রোববার (৪ জানুয়ারি) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রত্যাশার কথা জানান।
ফেসবুক পোস্টে জুমা বলেন, “যারা ভোটের জন্য মুখে কুলুপ এঁটেছে, তাদের জানিয়ে দিন—ভোট আমরা তাকেই দেব, যারা সরকারে গেলে শহীদ হাদি হত্যা, জুলাই গণহত্যাসহ সব গুম-খুনের বিচার করবে। এমনকি বিরোধী দলে গেলেও যারা এই দাবিতে আওয়াজ জারি রাখার প্রতিশ্রুতি দেবে।”
আরেকটি পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “আমাদের বিপ্লব যাদের কারণে স্বেচ্ছা কারাবরণে আইসা ঠেকসে, যাদের জন্য জুলাইয়ের পরও জুলাই টিকাইতে গিয়ে আমার ভাইকে কবরে যাইতে হলো—তাদের মাফ করব কীভাবে?”
বর্তমান পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন ডাকসু এই নেতা। তিনি বলেন, গত দুই মাসে জুলাইয়ের ঘটনায় অভিযুক্ত অনেক আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে, আর এখন যাদের রাজনৈতিক ‘ব্যাকআপ’ দুর্বল, শুধু তাদেরই লক্ষ্য করে গ্রেপ্তার করা হচ্ছে।
আরও এক পোস্টে জুমা লেখেন, “জান দেব; জুলাই দেব না—এই কথা বলা মানুষটা মারা গেছে। পদে পদে টের পাবেন, জুলাইকে টিকিয়ে রাখছিল কে।”
ফাতেমা তাসনীম জুমার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার অবস্থানকে বিচার ও জবাবদিহিতার দাবিতে তরুণদের কণ্ঠস্বর হিসেবে দেখছেন।












