লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে যা বললেন অভিনেত্রী অ্যামি নূর
মালয়েশিয়ার সাবেক বিউটি কুইন ও জনপ্রিয় অভিনেত্রী অ্যামি নূর—রূপ, ব্যক্তিত্ব ও আত্মসম্মানের কারণে বারবার আলোচনায় এসেছেন। সৌন্দর্যের সুবাদে তিনি পেয়েছেন অসংখ্য প্রেমের প্রস্তাব। তবে সেসবের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল এক প্রভাবশালী ভিভিআইপির দেওয়া তৃতীয় স্ত্রীর প্রস্তাব, যা তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন।
সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের পডকাস্টে অ্যামি নূর জানান, মালয়েশিয়ার এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তাকে তৃতীয় স্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবটি ছিল অত্যন্ত লোভনীয়—একটি বিলাসবহুল বাংলো, একটি গাড়ি, ১০ একর জমি এবং মাসিক ৫০ হাজার রিঙ্গিত ভাতা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা)। তবে এসব সুযোগ-সুবিধা সত্ত্বেও তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি।
অ্যামি জানান, ঘটনাটি ২০১৯ সালের। তখন তার বয়স ছিল মাত্র ২৩ বছর এবং তিনি একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য স্পন্সর খুঁজছিলেন। সে সময় এক ‘দাতুক’—যার বয়স তার বাবার সমান—এই প্রস্তাব দেন। বিষয়টি জানার পর অ্যামি ও তার মা দুজনেই তাৎক্ষণিকভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।
মায়ের ভূমিকার কথা উল্লেখ করে অ্যামি নূর বলেন, “আমার মা খুব দৃঢ়ভাবে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আমাকে কখনোই ‘বিক্রি’ করতে রাজি ছিলেন না।”
নিজের জীবনসঙ্গী সম্পর্কে অভিনেত্রী বলেন, তিনি চান তার সঙ্গী দায়িত্বশীল ও আর্থিকভাবে স্থিতিশীল হোক, তবে অতি ধনী হওয়া আবশ্যক নয়। মজার ছলে তিনি বলেন, “আয়রনম্যানের মতো দেখতে হলে সমস্যা নেই, কিন্তু দাদুর মতো যেন না হয়।”
অ্যামি নূর স্পষ্ট করে বলেন, তিনি কখনোই নিজের সম্মান বিসর্জন দিতে চান না।
“নিজের পরিশ্রমের মাধ্যমে হালাল পথে উপার্জন করতে চাই এবং বাবা-মায়ের সেবা করাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য,” বলেন তিনি।
অভিনেত্রীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে এবং অনেকেই তার সাহসী ও আত্মমর্যাদাপূর্ণ সিদ্ধান্তের প্রশংসা করছেন।












