এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাসনিম জারা। রোববার সন্ধ্যায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনও তাঁর পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন।
তাসনিম জারা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ছিলেন। দলটির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও পদত্যাগের পর তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, আসন্ন নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার ভোটারদের উদ্দেশে তাসনিম জারা বলেন, খিলগাঁওয়েই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করার স্বপ্ন ছিল তাঁর। তবে বর্তমান বাস্তবতায় কোনো দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, দেশের মানুষের কাছে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। পরিস্থিতি যেমনই হোক, সেই অঙ্গীকার থেকে তিনি সরে আসবেন না বলেও জানান।
তাসনিম জারা আরও উল্লেখ করেন, দলীয় প্রার্থী হলে সংগঠিত কর্মী কাঠামো ও নানা প্রশাসনিক সুবিধা থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর সে ধরনের কোনো সহায়তা থাকবে না। এ অবস্থায় ভোটারদের সমর্থনই তাঁর একমাত্র ভরসা বলে জানান তিনি।
এনসিপির সাবেক এই কেন্দ্রীয় নেতা বলেন, সততা, নিষ্ঠা ও নতুন ধারার রাজনীতি করার ইচ্ছাশক্তির ওপর ভর করেই তিনি জনগণের কাছে সমর্থন চাইবেন। নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় চার হাজার ৬৯৩ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহের কাজ তিনি সোমবার থেকে শুরু করবেন বলেও জানান।
একই সঙ্গে তিনি নির্বাচনী ফান্ডরেইজিংয়ের মাধ্যমে পাওয়া অর্থ স্বচ্ছতার সঙ্গে ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন।













