মাদক মামলায় গ্রেফতার জনপ্রিয় গায়কের প্রাক্তন প্রেমিকা
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক ও অভিনেতা পার্ক ইউ-চুনের সাবেক বাগদত্তা হওয়াং হানাকে মাদক সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দীর্ঘ সময় বিদেশে আত্মগোপনে থাকার পর গত ২৪ ডিসেম্বর তাকে কম্বোডিয়া থেকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২০২৩ সালের জুলাই মাসে সিউলের গ্যাংনাম এলাকায় দুই পরিচিত ব্যক্তির সঙ্গে সিরিঞ্জের মাধ্যমে নিষিদ্ধ মাদক ‘ফিলোপন’ গ্রহণের অভিযোগ রয়েছে হানার বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত শুরু হলে তিনি গত বছরের ডিসেম্বরে থাইল্যান্ডে পালিয়ে যান।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, হানার বিরুদ্ধে আগেও একাধিকবার মাদক সেবনের অভিযোগ উঠেছে। ২০১৫ ও ২০১৮ সালে পৃথক মামলায় তিনি সাজাভোগ করেন। সর্বশেষ ২০২২ সালে কারামুক্ত হলেও প্রবেশন চলাকালীন আবারও মাদক সংশ্লিষ্ট ঘটনায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
তদন্তের একপর্যায়ে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে ব্লু নোটিশ জারি করা হয় এবং দক্ষিণ কোরিয়া সরকার তার পাসপোর্ট বাতিল করে। পুলিশ জানায়, হানা অবৈধভাবে কম্বোডিয়ায় প্রবেশ করেছিলেন। পরে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণের ইচ্ছা জানানো হলে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
২৪ ডিসেম্বর সকালে কম্বোডিয়ার নমপেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি জাতীয় পতাকাবাহী বিমানে করে তাকে ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। সেখানে পৌঁছানোর পরপরই তাকে গ্রেফতার করে পুলিশ।
প্রয়াত অভিনেতা লি সান-কিউনের মাদক মামলার তদন্তে হানার নাম আলোচনায় এলেও পুলিশ জানিয়েছে, বর্তমান মামলার সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, ২০১৮ সালে অবৈধ সাইকোট্রপিক ওষুধ সেবন এবং শর্তসাপেক্ষ মুক্তির শর্ত ভঙ্গের দায়ে তাকে ১ বছর ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
হওয়াং হানা দক্ষিণ কোরিয়ার বৃহত্তম দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘নামং ডেইরি প্রোডাক্টস’-এর প্রতিষ্ঠাতা হং ডু-ইয়ং-এর নাতনি। জনপ্রিয় গায়ক-অভিনেতা পার্ক ইউ-চুনের সঙ্গে তার বিয়ের কথা থাকলেও পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে যায়।













