যে দলের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন মেঘনা আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত ব্যক্তিত্ব মেঘনা আলম। তিনি ঢাকা-৮ আসন থেকে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিজেই নিশ্চিত করেন মেঘনা আলম। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক যাত্রা শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা-৮ আসনে এর আগে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি। তবে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে মেঘনা আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, তিনি ঢাকা-৮ আসনকে দেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্যে আধুনিক ও কার্যকর সিসিটিভি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, পথ চলাচলের সময় যাতে কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত হয়রানির শিকার না হন, সে জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করা হবে।
এ ছাড়া ঢাকা-৮ এলাকায় নিরাপদ হাঁটা ও সাইকেল চলাচল নিশ্চিত করতে একটি আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন মেঘনা আলম। পাশাপাশি এলাকার মানুষের পুষ্টি, পরিচ্ছন্ন জীবনযাপন, সামাজিক সচেতনতা এবং আইনগত জ্ঞান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।
রাজনৈতিক অঙ্গনে নতুন মুখ হিসেবে মেঘনা আলমের এই ঘোষণা ঢাকা-৮ আসনে নির্বাচনি আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।













