চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা অস্ত্রসহ গ্রেফতার
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘বুইস্যা’ গ্রেফতার: অস্ত্র ও অপরাধ উপকরণসহ ধরা পড়ল
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও ‘বুইস্যা বাহিনী’র প্রধান শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে র্যাব-৭ এক বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার করেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে অভিযানটি সম্পন্ন হয়।
রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চাঁদগাঁও ক্যাম্পে (বহদ্দারহাট) র্যাব-৭-এর মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরবেন পতেঙ্গার ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রান লিডার মো. মিজানুর রহমান।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানায়, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে চান্দগাঁও, পাঁচলাইশ ও বহদ্দারহাট এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী আইনে অন্তত ২০টির বেশি মামলা রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বহদ্দারহাট ফিনলে স্কয়ার শপিং মলের পাশের খালপাড় ও আশপাশের এলাকায় বুইস্যার প্রভাব বলবৎ ছিল। মাদক কারবার, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র লেনদেন এবং অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম তার নির্দেশেই পরিচালিত হতো। তার বাহিনীর সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার ও ভয়ভীতি সৃষ্টি করত। বুইস্যা বাহিনী এলাকার একটি ফ্ল্যাটকে ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করত, যেখানে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো ব্যক্তি বা প্রতিপক্ষদের আটকে রাখা হতো এবং শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
পুলিশের তথ্য অনুযায়ী, চুরি ও ছিনতাই দিয়ে অপরাধজগতে প্রবেশ করা বুইস্যা পরবর্তীতে কিশোর গ্যাং নিয়ন্ত্রণের মাধ্যমে মাদক ও অস্ত্র ব্যবসার বিশাল নেটওয়ার্ক গড়ে তোলে। একাধিক জরিপ ও গোয়েন্দা প্রতিবেদনে চট্টগ্রাম নগরের সক্রিয় কিশোর গ্যাংগুলোর পৃষ্ঠপোষক হিসেবে তার নাম উঠে এসেছে।












