যুবককে পিটিয়ে হত্যা: সন্দেহভাজন ৭ জন গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২০ ডিসেম্বর) র্যাব-১৪ জানায়, ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এই সাতজনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
র্যাব সূত্র জানায়, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহের ভালুকা এলাকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ তুলে দিপু চন্দ্র দাস নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে এবং পরে মরদেহে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পরদিন শুক্রবার (১৯ ডিসেম্বর) নিহতের ঘটনায় ১৫০ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।












