মডেল মেঘনা আলম ঢাকা-৮ আসনে প্রার্থী, নারীদের নিরাপত্তা ও জনস্বাস্থ্য উন্নয়নের অঙ্গীকার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে আলোচিত মডেল মেঘনা আলম প্রার্থী হচ্ছেন। তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিজেকে জনসেবামূলক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন। তবে এখনও স্পষ্ট নয় তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন নাকি কোনো দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মেঘনা আলমের পোস্টে বলা হয়েছে, তিনি ঢাকা-৮ আসনকে দেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছেন। তিনি বলেন, অতীতের মতো ফাঁপা প্রতিশ্রুতির বদলে বাস্তবসম্মত উন্নয়ন নিশ্চিত করতে হলে এমন নেতৃত্ব প্রয়োজন, যার চিন্তাধারা, শিক্ষা ও সামাজিক প্রভাব আন্তর্জাতিক মানের সঙ্গে খাপ খায়। মেঘনা আলম নিজেকে সেই ধরনের বাস্তব নেতৃত্ব হিসেবে উপস্থাপন করেছেন।
পোস্টে আরও উল্লেখ করা হয়, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কেউ হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন। এছাড়া ঢাকা-৮ এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলতে এবং সাইকেল ব্যবহার করতে পারেন।
জনস্বার্থে স্বল্প খরচে পাবলিক ওয়াশরুম ও কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালু করা হবে, যাতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী পর্যন্ত সবাই পরিচ্ছন্ন থাকার সুবিধা পান। মেঘনা আলম ফেসবুক পোস্টে জানিয়েছেন, এমপি হলে তিনি এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
এই উদ্যোগগুলো তার পরিকল্পনাকে শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের প্রতিশ্রুতি হিসেবে উপস্থাপন করছে।












