সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল: রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

প্রবাহ বাংলা প্রতিবেদন প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম
শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল: রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল: রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

ভোরের প্রথম আলো ফোটার আগেই মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা। রাতের শিশিরে ভেজা পিচঢালা সড়ক, হালকা কুয়াশা আর পূর্ব আকাশে সূর্য ওঠার আভাস—সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেউ পরিবার নিয়ে, কেউ দল বেঁধে, আবার কেউ একা ফুল হাতে স্মৃতিসৌধের পথে অপেক্ষা করতে থাকেন।

রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের কিছুক্ষণ পর জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনিও স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, আহত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং ঢাকা জেলার জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকেরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৭টার দিকে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে স্মৃতিসৌধ–সংলগ্ন ঢাকা–আরিচা মহাসড়কের পাশে অপেক্ষমাণ মানুষের ঢল নামে। ফুল, জাতীয় পতাকা আর বিজয়ের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তি, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী ও সামাজিক সংগঠনের শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধের বেদি ফুলে ফুলে ভরে ওঠে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, আবদুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ দলের নেতারাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ মানুষ।

শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কারও হাতে ছোট ছোট জাতীয় পতাকা, কারও গালে-কপালে আঁকা লাল-সবুজ। পরিবারের সঙ্গে আসা অনেক শিশু স্মৃতিসৌধ ঘুরে দেখে শহীদদের আত্মত্যাগের গল্প শোনে। অনেকেই বলেন, বিজয় দিবস নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ একটি দিন।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজনে বিশেষ কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অংশ নেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে ফ্লাই পাস্ট, প্যারাজাম্প ও বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সমন্বিত ব্যান্ড পরিবেশন দর্শকদের আকর্ষণ করে।

বিজয়ের ৫৪তম বছর পূর্তি উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন, যা বিজয় দিবসের আয়োজনে নতুন মাত্রা যোগ করে। ঢাকার বাইরেও দেশের বিভিন্ন অঞ্চলে সীমিত আকারে বিমানবাহিনীর ফ্লাই পাস্ট ও ব্যান্ড শো অনুষ্ঠিত হয়।

আজ ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় বাংলাদেশের চূড়ান্ত বিজয়। কোটি মানুষের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীনতা বাঙালি জাতির আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক। বিজয় দিবসে জাতি আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার নতুন অঙ্গীকার ব্যক্ত করছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক