সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

এশিয়ান ইয়ুথ গেমস

৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা–অর্থ পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০১ পিএম
৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা–অর্থ পুরস্কার

তৃতীয়  এশিয়ান ইয়ুথ গেমস এবং ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা এবং অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটার  কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র  সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের  সচিব  মোঃ মাহবুব-উল-আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে বিওএ’র বিদায়ী মহাসচিব  সৈয়দ শাহেদ রেজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওএ’র নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, গেমসের শেফ দ্য মিশনগণ,  প্রশিক্ষক, টিম অফিসিয়াল এবং পদকজয়ী ক্রীড়াবিদগণসহ গেমসে অংশগ্রহণকারী অন্যান্য ক্রীড়াবিদগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিওএ’র মহাসচিব মোঃ জোবায়েদুর রহমান রানা। তিনি তাঁর স্বাগত বক্তব্যে পদকজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদকে খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী সারা বছর ব্যাপী প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান। তিনি বিওএ’র সভাপতি মহোদয়কে বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

৩য় এশিয়ান ইয়ুথ গেমসের শেফ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, এসইউপি (বার), এসপিপি, এনডিসি, পিএসসি তাঁর বক্তব্যে গেমসে অংশগ্রহণে অভিজ্ঞতা এবং ভবিষ্যতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং তিনি উল্লেখ করেন যে, “প্রশিক্ষণের কোন বিকল্প নেই”।৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসের শেফ দ্য মিশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মোঃ সেলিম ফকির উক্ত গেমসের শেফ দ্য মিশন মনোনীত করার জন্য বিওএ-কে ধন্যবাদ জানান। তিনি দেশের খেলাধুলার মান উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ হতে তিনি সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের  সচিব মোঃ মাহবুব-উল-আলম তাঁর বক্তব্যে সকল ক্রীড়াবিদদের পদক অর্জনের মাধ্যমে দেশের জন্য গৌরব বয়ে আনায় অভিনন্দন জানান এবং বাংলাদেশে একটি বিশ্বমানের অলিম্পিক কমপ্লেক্স প্রতিষ্ঠার ব্যাপারে তিনি  যুব এবং ক্রীড়া উপদেষ্টা  আসিফ নজরুলের সহযোগিতা প্রদানের সদিচ্ছা সম্পর্কে সকলকে অবগত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি গেমসে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, প্রশিক্ষক এবং দলের সাথে সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানান এবং সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশে বিশ্বমানের আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে পারবো মর্মে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আমরা যদি যুব সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে পারি তবে খেলাধুলার মাধ্যমে একটি সুশৃঙ্খল দেশ ও জাতি গঠন করা সম্ভব হবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২২-৩১ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৩য় এশিয়ান ইয়ুথ গেমসে প্রথমবারের মতো বাংলাদেশ পুরুষ কাবাডি দল এবং বাংলাদেশ মহিলা কাবাডি দল বোঞ্জ পদক অর্জন এবং গত ৭-২১ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস টেবিল টেনিস মিক্সড ডাবলসে খই খই সাই মারমা এবং মোঃ জাভেদ আহমেদ সিলভার পদক, ভারোত্তোলনে মার্জিয়া আক্তার ইকরা ক্লিন এন্ড জার্ক, স্নেচ এবং কম্বাইন্ড ক্যাটাগরিতে মোট ৩টি ব্রোঞ্জ এবং উশুতে মোসাঃ শিখা খাতুন ব্রোঞ্জ পদক অর্জন করে। বিওএ’র আর্থিক পুরস্কার নীতিমালা অনুযায়ী বিওএ’র সম্মানিত সভাপতি নিম্নোক্ত হারে খেলোয়াড় এবং কোচদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। ১। ৩য় এশিয়ান ইয়ুথ গেমসে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত কাবাডি (বালক) এবং কাবাডি (বালিকা) দলকে ৮ (আট) লক্ষ হারে মোট ১৬ লক্ষ টাকা এবং দলের সাথে সংশ্লিষ্ট কোচদের ৩.২০ লক্ষ টাকাসহ মোট ১৯.২০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

২। ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে মিক্সড ডাবলসে পদকপ্রাপ্ত ২জন ক্রীড়াবিদকে ১.৫ লক্ষ টাকা হারে মোট ৩.০০ লক্ষ টাকা এবং সংশ্লিষ্ট কোচকে ৬০ হাজার টাকা, ভারোত্তোলণে ৩টি ব্রোঞ্জ পদকপ্রাপ্ত খেলোয়াড়কে ২ লক্ষ টাকা হারে মোট ৬.০ লক্ষ টাকা এবং সংশ্লিষ্ট কোচ কে ১.২০ লক্ষ টাকা এবং উশুতে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ ২.০ লক্ষ টাকা এবং কোচ ৪০ হাজার টাকাসহ মোট ১৩.২০ হাজার টাকা আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

 সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীরএসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এসব তথ্য জানিয়েছেন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক