এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের নজির ধরে রেখেছে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। চলতি বছর (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন এই কলেজের ৪৫ জন শিক্ষার্থী।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ সাফল্যের তথ্য সামনে আসে।
কলেজ সূত্রে জানা গেছে, ভর্তির সুযোগ পাওয়া ৪৫ শিক্ষার্থীর মধ্যে ১৩ জন ছেলে ও ৩২ জন মেয়ে। দেশের বিভিন্ন মেডিকেল কলেজে তারা অধ্যয়নের সুযোগ পেয়েছেন।
শুধু মেডিকেল নয়, প্রতিবছরই এই কলেজ থেকে রুয়েট, কুয়েট, চুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন। চলতি বছর মেডিকেলে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী সুযোগ পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
এ প্রসঙ্গে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং নিয়মিত তদারকির ফলেই শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ৪৫ জন শিক্ষার্থীর তথ্য পাওয়া গেছে, তবে চূড়ান্ত তালিকা এলে আরও দু-একজন বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্ব নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ)। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর এর নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ রাখা হয়। কলেজটিতে বর্তমানে শুধু বিজ্ঞান বিভাগে পাঠদান করা হয়।
১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার অংশ হিসেবে সৈয়দপুরে এই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাকে কেন্দ্র করে দক্ষ কারিগরি জনবল তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৭৭ সালে এটি কলেজে উন্নীত হয়। বর্তমানে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সুনাম রয়েছে।













