ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ জোরালো, ১৩ দিনেই দেড় বিলিয়ন ডলার
চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৩ দিনেই দেশে এসেছে প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ১১ কোটি ৫৯ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।
প্রতিবেদনে আরও জানানো হয়, ৭ থেকে ১৩ ডিসেম্বর, এই সাত দিনে দেশে এসেছে ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার। অপরদিকে, মাসের প্রথম ছয় দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে চলতি অর্থবছরের মধ্যে নভেম্বর মাসে সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এছাড়া অক্টোবরে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২০২৪–২৫ অর্থবছরে এ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড।












