বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই
গাজীপুরের টঙ্গীতে দুই বিকাশকর্মীকে গুলি ও ছুরিকাঘাত করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীর আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাশকর্মী আরিফ ও আজাদ বিভিন্ন এজেন্টের কাছ থেকে আনুমানিক ১৪ লাখ ৭৭ হাজার টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে টঙ্গী বাজার সেনা কল্যাণ অফিসে ফিরছিলেন। পথে আনারকলি রোডে ডা. নাজিম উদ্দীন মার্কেট সংলগ্ন একটি গলিতে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা বিকাশকর্মী আরিফকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। তার সহকর্মী আজাদ বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধ আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”












