ওসমান হাদির বাড়িতে চুরি
রাজধানীতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি পৌরসভার খাসমহল মহল্লায় অবস্থিত বাড়িটিতে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।
হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা একটি জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা ঘরের আসবাবপত্র এলোমেলো করে মূল্যবান মালামাল খোঁজার চেষ্টা চালায়। তবে প্রাথমিকভাবে কী কী জিনিস চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই পুলিশকে অবহিত করা হয়। পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় পানির ট্যাংকির সামনে রিকশায় যাতায়াতের সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি করে শরীফ ওসমান হাদিকে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে শুক্রবার বিকেলেই পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা হন। ফলে নলছিটির বাড়িটি ফাঁকা পড়ে থাকে। ধারণা করা হচ্ছে, এই সুযোগ কাজে লাগিয়েই দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটায়।
চুরির ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই সঙ্গে গুলির ঘটনার পর হাদির নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।












