সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা

▪️একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ▪️ আদালতের রায়ে সীমানা পরিবর্তন: গাজীপুরে আসন কমছে, বাগেরহাটে আগের বিন্যাস ফিরছে।▪️ তফসিলের পরই কঠোর আচরণবিধি ও প্রশাসনিক বিধিনিষেধ কার্যকর।

প্রবাহ বাংলা প্রতিবেদন প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮ এম
১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা

দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ একই দিনে—আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে।

জাতীয় সংসদের ব্যালট হবে সাদা-কালো, আর গণভোটের ব্যালট থাকবে গোলাপি রঙে—বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একই দিনে দুই ধরনের ভোট প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন। বুধবার বিকেলে তার বক্তব্য রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বেতার।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক

তফসিল ঘোষণার আগের প্রোটোকল হিসেবে বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন, একই দিনে দুই ভোট পরিচালনার প্রযুক্তিগত বিষয়সহ বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

রাষ্ট্রপতি ইসিকে সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সীমানা পরিবর্তন ও আদালতের রায়

আপিল বিভাগের রায় অনুযায়ী সংসদীয় সীমানায় কিছু পরিবর্তন আসছে। গাজীপুরে একটি আসন কমবে, বাগেরহাটে চারটি আসন আগের বিন্যাসে ফেরত যাবে। আজ তফসিল ঘোষণার আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

তবে ইসি জানিয়েছে—আদালতের চূড়ান্ত আদেশ হাতে না পাওয়া পর্যন্ত ৩০০ আসনের বর্তমান সীমানা অনুযায়ী তফসিল ঘোষণাই সম্ভাব্য।

ভোট প্রস্তুতি ও আচরণবিধি

তফসিল ঘোষণার পরপরই আচরণবিধি কার্যকর হবে।

প্রচারসামগ্রী অপসারণে ২৪ ঘণ্টার সময় দেওয়া হবে, না মানলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিটি উপজেলা/থানায় দুজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন; শেষ পাঁচ দিনে ম্যাজিস্ট্রেট সংখ্যা আরও বাড়বে।

সোশ্যাল সেফটি নেট ছাড়া সব ধরনের অনুদান-ত্রাণ বিতরণ বন্ধ থাকবে।

নতুন প্রকল্প অনুমোদনেও নিষেধাজ্ঞা থাকবে।

এ ছাড়া আরপিও অনুযায়ী ভোটের আগে-পরে নির্দিষ্ট সময়সীমায় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বদলি করা যাবে না।

বিদেশে থাকা ভোটারদের আগ্রহ

প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা রাখা হয়েছে। গতকাল রাত ৮টা পর্যন্ত ২ লাখ ৯৭ হাজারের বেশি প্রবাসী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন।

অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম নির্বাচন

২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানে আগের সরকারের পতন এবং ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম জাতীয় নির্বাচন।

জুলাই আন্দোলনের সনদ অনুসারে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন উদ্যোগ: প্রতীকী রিটার্নিং কর্মকর্তা

প্রথমবারের মতো কিছু আসনে ইসি নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে ‘প্রতীকী রিটার্নিং কর্মকর্তা’ নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাকিগুলোতে জেলা প্রশাসকেরাই রিটার্নিং কর্মকর্তা থাকবেন।

সময়সূচি পরিবর্তনের সম্ভাবনা কম

বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রয়োজন হলে তফসিল পরিবর্তনের নজির রয়েছে। তবে এবার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের রাজনৈতিক অঙ্গীকার থাকায় পুনঃতফসিলের সম্ভাবনা কম বলে ইসি কর্মকর্তারা মনে করছেন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক