রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী’র গলাকাটা মরদেহ উদ্ধার
রংপুরের তারাগঞ্জ উপজেলায় রহিমাপুর চাকলা গ্রামের নিজ বাড়ি থেকে স্বামী–স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তার স্ত্রী সুবর্ণা রায় (৬০)।
স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রতিবেশীরা ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বাড়িতে প্রবেশ করেন। বাড়ির প্রধান ফটকের চাবি পেয়ে দরজা খুলে ভেতরে ঢোকার পর ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, যোগেশ চন্দ্র রায় রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন। ২০১৭ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। স্বামী–স্ত্রী দুজনই গ্রামের বাড়িতে বসবাস করতেন। তাদের দুই ছেলে পুলিশে কর্মরত।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুখ আহম্মেদ বলেন, দুজনকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন ও থানা পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাতের কোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। স্বজন ও প্রতিবেশীরা এই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বিভিন্ন ইউনিটের মাধ্যমে তদন্ত শুরু করেছে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত জানান, নিহতদের পরিবার সম্মানিত এবং শান্তিপূর্ণ, তাই এ ধরনের হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্কের ছড়াছড়ি রয়েছে। পুলিশ ও প্রশাসন ঘটনাটি দ্রুত উদ্ঘাটনের চেষ্টা করছে।










