সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, বিদেশ নেওয়ার সিদ্ধান্তও অনিশ্চিত

প্রবাহ বাংলা প্রতিবেদন প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৫০ এম
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, বিদেশ নেওয়ার সিদ্ধান্তও অনিশ্চিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওঠানামার কারণে এখনও তাঁর বিদেশযাত্রার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে—লন্ডনে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তবে চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী, দীর্ঘ ফ্লাইটের চাপ নেবার মতো অবস্থায় তিনি এখনো পুরোপুরি পৌঁছাননি।

মেডিকেল বোর্ড–সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুস—এই চারটি প্রধান সমস্যাই মাঝে মাঝে নিয়ন্ত্রণে এলেও আবার হঠাৎ অস্থিতিশীল হয়ে পড়ছে। নতুন তথ্য অনুযায়ী, কিডনি সমস্যার প্রভাবে কমে যাওয়া হিমোগ্লোবিন কিছুটা বেড়েছে, কিডনির কার্যকারিতাও সামান্য উন্নতি হয়েছে। ফুসফুসের অবস্থায়ও অগ্রগতি আছে। তবে সামগ্রিকভাবে তিনি ঝুঁকিমুক্ত নন।

এই পরিস্থিতির কারণে বিদেশ যাওয়ার সম্ভাব্য তারিখ বারবার পিছিয়ে যাচ্ছে। প্রথমে জানানো হয়েছিল ৫ ডিসেম্বর ভোরে যাত্রা হতে পারে। পরে তা পরিবর্তন করে ৭ ডিসেম্বর বলা হয়। রাতে আবার নতুন সম্ভাব্য তারিখ হিসেবে ৯ ডিসেম্বর ধরা হয়। তবে সেই তারিখও নিশ্চিত নয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানায়, শারীরিক অবস্থা মূল্যায়ন করেই যাত্রা দুই দিন পিছিয়ে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। তবে সর্বশেষ পর্যবেক্ষণে তাঁর অবস্থায় বড় কোনো পরিবর্তন নেই।

গতকাল এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিমানে ভ্রমণের উপযুক্ত না হওয়ায় লন্ডনে নিতে বিলম্ব হচ্ছে। তাঁর ভাষায়, “যখন চিকিৎসকেরা মনে করবেন তিনি নিরাপদে ভ্রমণ করতে পারবেন, তখনই তাঁকে বিদেশে পাঠানো হবে।”

তিনি আরও জানান, আগে নির্ধারিত সময়ের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোর পেছনে কারিগরি সমস্যা ছিল। পাশাপাশি সেই মুহূর্তে মেডিকেল বোর্ডও মনে করেছিল ফ্লাইট নেওয়া ঝুঁকিপূর্ণ হবে। তাই সিদ্ধান্তে বিলম্ব হচ্ছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “ম্যাডাম এর আগেও কঠিন অসুস্থতা থেকে সুস্থ হয়ে ফিরেছেন। আমরা আশাবাদী, এবারও তিনি আল্লাহর রহমতে সুস্থ হবেন।”

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

এনামুল হক চৌধুরী জানান, চিকিৎসকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। কাতার কর্তৃপক্ষ জার্মানি থেকে একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিনই হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও লন্ডন থেকে ঢাকায় এসে প্রতিদিনই শাশুড়িকে দেখতে যাচ্ছেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে তাঁর চিকিৎসা চলছে।

গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ানোয় বিএনপি সবাইকে সতর্ক করেছে। জাহিদ হোসেন বলেন, “দয়া করে যাচাই-বাছাইবিহীন কোনো তথ্য প্রচার বা বিশ্বাস করবেন না। এতে বিভ্রান্তি ছড়ায়।”

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক