মধ্যরাতের পরে খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে: কাতার থেকে আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। দোহা থেকে কাতার আমিরের নির্দেশে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঘণ্টাখানের মধ্যেই ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছে বলে সরকারি ও বিএনপি–সংশ্লিষ্ট সূত্র বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছে।
এর আগে ২৯ নভেম্বর খালেদা জিয়ার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূতের কাছে চিঠি পাঠায় বিএনপি।
এরইমধ্যে তাঁর চিকিৎসায় সহায়তা করতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল। একই দিনে চীন থেকে আসা চার সদস্যের একটি চিকিৎসক দলও মেডিকেল বোর্ডে যোগ দেয়। এর আগে ১ ডিসেম্বর চীনের পাঁচ সদস্যের আরেকটি বিশেষজ্ঞ দল খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়।
এভারকেয়ার হাসপাতাল সূত্র জানায়, দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। ফুসফুসের সংক্রমণ বাড়ায় ২৭ নভেম্বর তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। হৃদ্যন্ত্রের জটিলতা ও দীর্ঘদিনের বিভিন্ন স্বাস্থ্যসমস্যা বিবেচনায় তাঁকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।
বৃহস্পতিবার বেলা তিনটার আগে হাসপাতালের বাইরে চিকিৎসক জাহিদ হোসেন জানান, সবকিছু স্বাভাবিক থাকলে আজ মধ্যরাতের পর বা আগামীকাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।
কূটনৈতিক সূত্র বলছে, খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতার অংশ হিসেবে কাতার সরকার আনুষ্ঠানিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়টি বিএনপিকে জানিয়েছে।
গত জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। কয়েক মাস চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। তাঁর সাম্প্রতিক পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদনগুলো ইতোমধ্যে বিদেশি বিশেষজ্ঞরা পর্যালোচনা করেছেন।
দেশের মানুষ তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন থাকায় বিএনপি নেতাদের পক্ষ থেকে নিয়মিত তাঁর চিকিৎসার আপডেট জানানো হচ্ছে।












