সন্দ্বীপে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়া ভাইরাল ভিডিও সম্বন্ধে যা জানা গেলো
ছবিটি ভিডিও থেকে নেয়া।
চট্টগ্রামের সন্দ্বীপে একটি ধর্মীয় অনুষ্ঠানে “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান দেওয়ার একটি ভিডিও সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রায় ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মঞ্চে থাকা এক বক্তা দুই হাত তুলে “পাকিস্তান পাকিস্তান” বলে স্লোগান দেন, আর সামনে থাকা জনতা তা অনুসরণ করে “জিন্দাবাদ জিন্দাবাদ” ধ্বনি দেন। পরে একইভাবে তিনি “বাংলাদেশ বাংলাদেশ” স্লোগান দেন, আর উপস্থিত লোকজনও সেই স্লোগানে কণ্ঠ মেলান।
ঘটনাটি ঘটেছে সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের সাউথ সন্দ্বীপ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কোরআন তিলাওয়াত সম্মেলনে। এতে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা নুরনবি রুমি জানান, বিদেশি প্রতিযোগীরা মঞ্চে আসার সময় তাঁদের দেশের নাম ধরে স্লোগান দেওয়া হচ্ছিল। পাকিস্তান থেকে আগত এক বক্তার আগমনের সময় সঞ্চালক এ স্লোগান দেন।
সম্মেলনে থাকা আরেকজন দর্শক জানান, ইরান, মিসর, ফিলিপাইনসহ কয়েকটি দেশের অতিথিরা অংশ নিয়েছিলেন। যেই দেশের প্রতিযোগী মঞ্চে উঠেছেন, সেই দেশের নামই স্লোগানে ব্যবহার করেছেন সঞ্চালক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতেও দেখা যায়, মিসরের এক বক্তাকে “মিসর জিন্দাবাদ” বলে স্বাগত জানানো হচ্ছে।
এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান সাওতুল কোরআন ইনস্টিটিউটের পরিচালকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ঘটনাটি স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতা মো. সোলায়মান বাদশা বলেন, বিদেশি অতিথি এলেও “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগানকে তিনি অপমানজনক বলে মনে করেন এবং এ ঘটনার কঠোর প্রতিবাদ জানান।
সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, তিনি ভিডিওটি এখনো দেখেননি; তবে বিষয়টি সত্য হলে তা দুঃখজনক, এবং তিনি খোঁজ নিয়ে দেখবেন। সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরীও বলেন, বিষয়টি তাঁর জানা নেই, তবে অভিযোগ আসলে তদন্ত করা হবে।












