ভূমিকম্পে এ পর্যন্ত নিহত ৬ জন, আহত শতাধিক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকালে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ। ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পটি ঘটে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী। কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকায় রেলিং ভেঙে নিহত ৩:
পুরান ঢাকার কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়। বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ রেলিংটি ছিটকে পড়ে কয়েকজনকে চাপা দেয়।
ভূমিকম্পের পর মিটফোর্ড হাসপাতালে তিনটি মরদেহ নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত কর্মকর্তারা জানান, তাঁদের একজনের পরিচয় রাফিউল ইসলাম (মেডিকেল শিক্ষার্থী) এবং আরেকজনের নাম সবুজ (৩০)। একটি শিশুরও মরদেহ আনা হয়েছে, তবে তার পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেলে অন্তত ১০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর প্রাণহানি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনশেড ঘরের দেয়াল ভেঙে চাপা পড়ে এক বছরের শিশু ফাতেমার মৃত্যু হয়। তার মা ও প্রতিবেশী একজন নারী আহত হয়েছেন। ভূমিকম্প শুরু হলে শিশুটির মা তাকে নিয়ে বাসা থেকে বের হতে গেলে দেয়ালটি ভেঙে পড়ে।
নরসিংদীতে সানশেড ভেঙে ২ জনের মৃত্যু:
নরসিংদী সদরের গাবতলি এলাকায় একটি বাড়ির সানশেড ভেঙে পড়ে ১০ বছরের ওমর ও ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়। ওমরের বাবা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।
এ ছাড়া নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছে কর্তৃপক্ষ, তাঁদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
গাজীপুরে আহত ১০:
গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ১০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানানো হয়েছে।
পুরান ঢাকার দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তায় এখনো রক্তের দাগ এবং ভাঙা রেলিং পড়ে আছে। ফায়ার সার্ভিস কর্মীরা ভবনের ভেতরে কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখছেন। স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় লোকজন হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন এবং মুহূর্তের মধ্যেই ঘটনা ঘটে।










