দেশজুড়ে তীব্র ভূমিকম্প: ঢাকাসহ বিভিন্ন স্থানে ৪ জনের মৃত্যু
রাজধানী ঢাকাসহ দেশের বহু এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নরসিংদীর মাধবদী অঞ্চলে উৎপত্তি হওয়া এই কম্পনের তীব্রতা ঢাকায় রিখটার স্কেলে ছিল ৫.৭।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের পরপরই কম্পনটি অনুভূত হয়। হঠাৎ সৃষ্ট ঝাঁকুনিতে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকেই নিরাপত্তার জন্য ঘর-বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। বিভিন্ন এলাকায় বাসাবাড়ির আসবাবপত্র পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

পুরান ঢাকার বংশালের কসাইতলীতে একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়লে তিন পথচারী প্রাণ হারান—এ তথ্য নিশ্চিত করেছে বংশাল থানা।
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় সড়কের পাশে একটি দেয়াল ধসে নবজাতক ফাতেমার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ভুলতা পুলিশ ফাঁড়ি।
প্রতিবেশী ভারতেও অনুভূত হওয়া এই ভূমিকম্পে মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এখনো সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।












