“তুমি কি প্রেগন্যান্ট?”–ঠাট্টা থেকে শুরু, জিতু-দিতিপ্রিয়ার ঝামেলা তীব্রতর
টেলিভিশন সিরিয়াল চিরদিনই তুমি যে আমার–এর প্রধান দুই অভিনয়শিল্পী দিতিপ্রিয়া রায় ও জিতু কমলের মধ্যে বিরোধ দিনের পর দিন তীব্র হয়ে উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্য, ফটোকার্ড এবং ব্যক্তিগত কথোপকথন নিয়ে দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে সোমবার সন্ধ্যায় প্রযোজনা সংস্থার ডাকা জরুরি বৈঠকেও কোনো সমাধান মিলেনি। জানা যায়, মিটিং চলাকালীন একপর্যায়ে জিতু অসন্তুষ্ট হয়ে সভাস্থল ছেড়ে বেরিয়ে যান। এরপর থেকেই গুঞ্জন উঠেছে—প্রয়োজনে জিতুকে ছাড়া নতুন করে আর্য সিংহ রায়ের চরিত্র নির্বাচন করার বিষয়টি ভাবছে প্রযোজক পক্ষ।
এই বিরোধের সূত্রপাত অগস্টের শুরুর দিকে, যখন জিতু শুটিংয়ের একটি স্টিল ছবি তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দিতিপ্রিয়া ছবিটিকে ‘অনুপযুক্ত’ মনে করে প্রযোজনা সংস্থাকে সে বিষয়ে জানান, যার পর জিতু পোস্টটি মুছে ফেলেন। পরে তিনি দাবি করেন, ছবিটিতে আসা অশালীন মন্তব্য তাঁকে বিব্রত করেছে। অন্যদিকে দিতিপ্রিয়ার অভিযোগ, প্রথম এক মাস কাজ করার পর থেকেই জিতু তাঁর সঙ্গে সরাসরি কথা বলা বন্ধ করে দেন এবং কেবল হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। একবার তিনি ডাক্তার দেখাতে যাওয়ার কথা বললে, জিতু ঠাট্টা করে প্রশ্ন করেন, “কেন, তুমি কি প্রেগন্যান্ট?”—যা দিতিপ্রিয়ার কাছে ছিল অত্যন্ত অস্বস্তিকর। আরও অভিযোগ রয়েছে, অনুরাগীদের তৈরি এআই–এডিটেড ছবি পাঠিয়ে তা প্রেমিককে ফরওয়ার্ড করার কথাও মজা করে বলেছিলেন জিতু; কিন্তু এসব আচরণ দিতিপ্রিয়ার কাছে গ্রহণযোগ্য ছিল না।
পরবর্তীতে দিতিপ্রিয়া বিষয়টি প্রকাশ্যে আনার পর জিতু তাঁদের ব্যক্তিগত চ্যাটের কিছু স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি অভিযোগ করার মুহূর্তে কোনো প্রতিবাদ করেননি এবং কথা স্বাভাবিকভাবে চালিয়েছেন। এ বিষয়ে জিতুর মন্তব্য ছিল—দিতিপ্রিয়ার আচরণ “কিডিশ” ও “ইমম্যাচিওর”। তবে এই বিতর্কের মাঝেও দুজনই তাঁদের চরিত্র নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তাঁদের বয়সের পার্থক্যও। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী জিতুর বয়স ৩৭ এবং দিতিপ্রিয়ার বয়স ২২, অর্থাৎ দুজনের মাঝে প্রায় ১৫ বছরের ফারাক। শিল্পীদের ঘনিষ্ঠ মহল বলছে, দুজনকেই দীর্ঘদিন ধরে অত্যন্ত পেশাদার হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক উত্তেজনা সিরিয়ালের পরিবেশকে অস্বস্তিকর করে তুলেছে এবং এটি পুরো টিমের জন্যই দুঃখজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।













