গাজীপুরে এক রাতে তিন বাসে দুর্বৃত্তদের আগুন
গাজীপুরে এক রাতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে রাত ৩টার মধ্যে জেলার পৃথক তিনটি স্থানে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন, ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুর এবং চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় থেমে থাকা বাসগুলোতে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রথম ঘটনাটি ঘটে রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী এলাকার জ্যোতি পাম্পের পাশে। একটি বাস দাঁড়িয়ে থাকা অবস্থায় নিচে এক মিস্ত্রি মেরামতের কাজ করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক হঠাৎ দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর রাত আড়াইটার দিকে বাসন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে একইভাবে আগুন দেয় দুর্বৃত্তরা।
অন্যদিকে, প্রায় একই সময়ে শ্রীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে পার্ক করা একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে কয়েকজন যুবক পালিয়ে যায়। মার্কেটের নিরাপত্তা প্রহরীর খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ডা. মো. জাবের সাদেক বলেন, “এক রাতে গাজীপুরের তিনটি স্থানে পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশপাশের সড়কগুলোতে টহল জোরদার করেছে। এদিকে পরপর এমন নাশকতার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।












