সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

এক যুগ পর আবার ভোটের ময়দানে খালেদা জিয়া, লড়বেন তিন আসনে

প্রবাহ বাংলা প্রতিবেদন প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:৫৮ এম
এক যুগ পর আবার ভোটের ময়দানে খালেদা জিয়া, লড়বেন তিন আসনে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতৃত্ব নিয়ে ১৯৯১ সালে নির্বাচনী ময়দানে নামেন খালেদা জিয়া। তখন থেকে এখন পর্যন্ত তিনি যে আসনগুলোয় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কোনো আসনেই হারেননি। এবারও ব্যতিক্রম নয়—আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তিনটি আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন। এর মধ্যে দুটি পুরোনো আসন, আর একটি তাঁর জন্মস্থান দিনাজপুর।

অন্তর্বর্তী সরকারের ঘোষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করেছে। তালিকায় দেখা যায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সংরক্ষিত রাখা হয়েছে ফেনী–১, বগুড়া–৭ ও দিনাজপুর–৩ আসন।

দীর্ঘ সময় ধরে কারাবন্দী থাকার পর গত বছর জুলাইয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান খালেদা জিয়া। অসুস্থতার কারণে তাঁর প্রার্থিতা নিয়ে সংশয় থাকলেও আজকের তালিকা প্রকাশের পর সেই জল্পনার অবসান ঘটেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী–১ আসনে খালেদা জিয়া অতীতের প্রতিটি নির্বাচনে প্রার্থী হয়ে জিতেছেন। তবে ২০০১ সালে একাধিক আসনে বিজয়ী হওয়ার পর এই আসন ছেড়ে দেন তিনি। পরবর্তী উপনির্বাচনে তাঁর ভাই সাঈদ এস্কেন্দার (বর্তমানে প্রয়াত) বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও তাঁর পরিবারের স্থায়ী ঠিকানা দিনাজপুরে, কিন্তু ফেনীতেই রয়েছে তাঁদের পৈতৃক নিবাস।

দিনাজপুর সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর–৩ আসনটি এবার খালেদা জিয়ার জন্য নতুন। এই আসনে তিনি আগে কখনও প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে তাঁর বোন খুরশীদ জাহান হক (প্রয়াত) ১৯৯৬ সালের দুটি নির্বাচনে এখান থেকে বিএনপির প্রার্থী ছিলেন।

অন্যদিকে বগুড়া–৭ আসনটি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নিজ এলাকা গাবতলী উপজেলা নিয়ে গঠিত। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত প্রতিটি নির্বাচনে খালেদা জিয়া এখান থেকে প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন। তিনি আসনটি ছাড়ার পর স্থানীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু তিনবার ও কেন্দ্রীয় নেতা মওদুদ আহমদ একবার উপনির্বাচনে জয় পান।

এবার বগুড়া–৬ আসনে প্রার্থী হচ্ছেন খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটাই তাঁর প্রথম সংসদ নির্বাচনে অংশগ্রহণ।

১৯৯১ সালে খালেদা জিয়া সর্বোচ্চ পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন—বগুড়া, ফেনী, ঢাকা–৫, ঢাকা–৯ ও চট্টগ্রাম–৮—এবং প্রতিটিতেই জয়ী হন। সে সময় বিএনপি সরকার গঠন করলে তিনিই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

এরপর ১৯৯৬ সালের নির্বাচনে ফেনী ও বগুড়ার পাশাপাশি লক্ষ্মীপুর–২ ও চট্টগ্রাম–১ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি। ২০০১ সালের নির্বাচনে বগুড়ার দুটি ও ফেনীর একটি আসনের পাশাপাশি খুলনা–২ এবং লক্ষ্মীপুর–২ আসন থেকেও বিজয় পান।

২০০৮ সালে নির্বাচনী আইন সংশোধনের পর সর্বাধিক তিনটি আসনে প্রার্থী হওয়ার বিধান করা হয়। সে অনুযায়ী খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন বগুড়া–৬, বগুড়া–৭ ও ফেনী–১ আসনে।

২০১৪ সালের নির্বাচন বিএনপি বর্জন করলেও ২০১৮ সালের ভোটে এই তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু দুর্নীতির মামলায় দণ্ডিত থাকায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাননি। প্রায় এক যুগ পর আবারও তিনি জাতীয় নির্বাচনের ময়দানে ফিরছেন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক