ভাইরাল ভিডিওতে ‘চলন্ত ট্রেনের সামনে পড়ে যাওয়া ব্যক্তি’ মারা গেছেন: যা জানা গেলো
ছবিটি ভিডিও থেকে নেয়া।
গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে জালাল উদ্দিন (৫০) নামের এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে শ্রীপুর পৌর শহরের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চড় আলগী ইউনিয়নের নিধিয়ারচর গ্রামের মৃত তৈয়ব উদ্দিনের ছেলে। প্রতিদিনের মতো তিনি শ্রীপুর বাজারে সবজি বিক্রি করতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের ওই সময় স্টেশনে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও ঢাকাগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেন দুটি দাঁড়িয়ে ছিল। ট্রেন ছাড়ার আগমুহূর্তে জালাল দৌড়ে ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনি পা পিছলে কমিউটার ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি চলন্ত অবস্থায় তাকে প্রায় ৪০ ফুট টেনে নিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মাদ্রাসা শিক্ষক মিসবাহ উদ্দিন বলেন, “আমি তাকে দৌড়াতে দেখে সতর্ক করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। মুহূর্তের মধ্যেই ট্রেনের নিচে পড়ে যান। পরে আমরা গিয়ে উদ্ধার করি।”
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, “রাতে গুরুতর আহত অবস্থায় জালাল উদ্দিনকে হাসপাতালে আনা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
চড়আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মো. শহিদুল ইসলাম দুলু জানান, সোমবার সকালে নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর রেলস্টেশনের মাস্টার মো. সাইদুর রহমান বলেন, “ঘটনাস্থলে দুটি ট্রেন ছিল। শুনেছি, একজন যাত্রী দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে গেছেন। বিস্তারিত জানতে রেলওয়ে পুলিশ তদন্ত করছে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনা সংক্রান্ত আনুষ্ঠানিক ব্যবস্থা নেবে রেলওয়ে পুলিশ।













