ষাট বছরে পা রাখলেন শাহরুখ খান: কাজল-রানি-করণ-ফারহা, কিং খানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন বন্ধুরা?
ষাট বছরে পা দিলেন শাহরুখ খান। তাঁকে দেখে কিন্তু বয়সের ছাপ বোঝার উপায় নেই। শুধু চেহারার জৌলুস নয়, তাঁর জীবনযাপন, কাজের ধরন এবং সিনেমা বাছাই আজও প্রমাণ করে, তিনি সেই চিরচেনা রোম্যান্টিক নায়ক, যিনি প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে রাজত্ব করছেন। তাঁর অনুরাগীরা প্রতি বছরই এই দিনটিতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে তোলেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। জানা গিয়েছে, শনিবার রাত থেকেই আলিবাগের বাড়িতে শুরু হয়েছে জন্মদিনের উৎসব, যেখানে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে চলছে হাসি, গান আর আনন্দের রেশ।

এই বিশেষ দিনে শাহরুখের ঘনিষ্ঠরা নানা ভাবে শুভেচ্ছা জানিয়েছেন। করণ জোহর নিজের ইনস্টাগ্রামে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন, যেখানে পিছনের ফ্রেমে দেখা গিয়েছে অনন্যা পাণ্ডেকেও। মজার ছলে করণ ক্যাপশনে লিখেছেন, “গেস দ্য লোকেশন।” ছবিটা দেখে অবশ্য কারও বুঝতে অসুবিধা হয়নি যে সেটি শাহরুখের জন্মদিনের পার্টিতেই তোলা।
কাজল শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ষাটতম জন্মদিনের অনেক শুভেচ্ছা। আজ শুধু এইটুকুই বলব— সুন্দরভাবে বেঁচে থেকো। মোমবাতি গোনার দরকার নেই, আবারও ২৯ বছরে ফিরে এসো। তোমার জীবনে সব ভালো জিনিস আসুক।” ফারহা খানও ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “হ্যাপি বার্থডে কিং! আরও একশো বছর এভাবেই ইন্ডাস্ট্রিতে রাজত্ব করো।”

শাহরুখের সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গ টেনে করণ জোহর লিখেছেন, “‘করণ অর্জুন’-এর সেটে প্রথম দেখা হয়েছিল তোমার সঙ্গে। তখনই বুঝেছিলাম, এই মানুষটা আলাদা। তুমি শুধু একজন তারকা নও, তুমি একজন জাদুকর, যিনি মুহূর্তে সকলের হৃদয় ছুঁয়ে যান। তুমি সেরা স্বামী, বাবা, ভাই এবং বন্ধু। আমাদের জীবনের কঠিন সময়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। তোমার প্রতি অফুরন্ত ভালোবাসা।”
অভিনেতার জন্মদিনেই মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি ‘কিং’-এর প্রথম ঝলক, যা দেখে ভক্তরা উচ্ছ্বসিত। ছবিটিতে শাহরুখের সঙ্গে থাকছেন তাঁর মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন। জানা গিয়েছে, ২০২৬ সালে মুক্তি পাবে এই প্রতীক্ষিত সিনেমাটি।













