সিলেটে বাসার সিঁড়িতে মিললো আ.লীগ নেতার রক্তাক্ত লাশ
সিলেটে নিজ বাড়ির তৃতীয় তলার সিঁড়িঘর থেকে রক্তাক্ত অবস্থায় আবদুর রাজ্জাক (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বাসিন্দা।
শুক্রবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাঁর দেহ দেখতে পান। তাঁরা জানান, ফজরের নামাজ শেষে রাজ্জাক প্রতিদিনের মতো ছাদে হাঁটতে গিয়েছিলেন। পরে তিনি আর ফিরে আসেননি। সকাল ৯টার দিকে গৃহকর্মী বাড়িতে এসে রাজ্জাককে না দেখে খোঁজ নিতে গেলে তৃতীয় তলার সিঁড়ির পাশে একটি কক্ষে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহতের বুক ও পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।












