প্রধান উপদেষ্টার হাতে ঐকমত্য কমিশনের সুপারিশ, নির্বাচনের আগেই গণভোটের প্রস্তাব
২৮ অক্টোবর, (মঙ্গলবার) জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তাদের সুপারিশমালা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। ছবি- সংগৃহীত।
অন্তর্বর্তী সরকারের হাতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশপত্র হস্তান্তর করেন কমিশনের সদস্যরা।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও অনুষ্ঠানে অংশ নেন।
সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশ হস্তান্তরের পর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
তিনি বলেন, “আমরা লিখিতভাবে জানিয়েছি—সাংবিধানিক আদেশ জারির পর থেকে জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত সরকার যেন গণভোট আয়োজন করে। পাশাপাশি দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে গণভোটের তফসিল প্রণয়ন করা জরুরি।”
গণভোট বিষয়ে রাজনৈতিক দলের অবস্থান প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, সব দলের মধ্যেই গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে ঐকমত্য রয়েছে। সবাই মনে করছে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এই প্রক্রিয়াই সবচেয়ে কার্যকর।
তিনি আরও বলেন, “গণভোট আয়োজনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ এখন সরকারের দায়িত্ব। বিষয়টি লজিস্টিক ও প্রশাসনিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত, যা কমিশনের আওতার বাইরে।”
জাতীয় ঐকমত্য কমিশনের এই সুপারিশের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা আনুষ্ঠানিকভাবে সরকারের হাতে পৌঁছেছে।













