বঙ্গোপসাগরে লঘু নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত
প্রতীক ছবি।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৬টার অবস্থান অনুযায়ী নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১,৩২০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার বন্দর থেকে ১,২৪৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা বন্দর থেকে ১,৩২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে ১,২৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বেগ পেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের আশপাশে সাগর বেশ উত্তাল রয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর গতিপথ ও প্রভাব সম্পর্কে পরবর্তী বুলেটিনে জানানো হবে।












