পদ্মা নদীতে নৌ-পুলিশের যৌথ অভিযানে ৫ জেলে আটক: ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ
সরকার ঘোষিত “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫”এর অংশ হিসেবে ১৮ অক্টোবর ২০২৫ দুপুর সাড়ে বারোটা শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পাথালিয়াকান্দি এলাকায় পদ্মা নদীতে নৌ-পুলিশ ও মৎস্য কর্মকর্তা কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে টহলরত মৎস্য কর্মকর্তাসহ নৌ-পুলিশের স্পিডবোট জেলেদের একাধিক নৌকাকে নদীতে অবৈধভাবে মাছ ধরতে দেখে এগিয়ে যায়। এ সময় প্রায় ১৫–২০টি জেলে নৌকা মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের স্পিডবোটকে চারদিক থেকে ঘিরে ফেলে,ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
পরবর্তীতে নৌ-ডিউটি টহলদল নিরাপদ দূরত্বে সরে এসে দ্রুত পাশের অতিরিক্ত টহল পার্টিকে অবহিত করে।
পরে নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ পিপিএম এর নেতৃত্বে সুরেশ্বর টহল পার্টি,মাঝিরঘাট টহল পার্টি (স্পিডবোটসহ) মৎস্য কর্মকর্তা তার ব্যবহৃত ২৩০ সিসি স্পিডবোট ও পুলিশ সদস্যদের সমন্বয়ে তিনটি স্পিডবোট নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় পাঁচটি জেলে নৌকা ডুবে যায় এবং ৫ জন জেলেকে আটক করা হয়। পাশাপাশি নদীতে পাতানো প্রায় ত্রিশ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মা ইলিশ সংরক্ষণে নৌ-পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।












